আশিক রেজার দুই বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কবি ও গবেষক আশিক রেজার নতুন দুটি বই ‘ক্লান্ত আগ্নেয়গিরি, আবার ঘুমাও’ ও ‘বিশ্বে বাংলাভাষার প্রতিবেশ’ বইয়ের পাঠোৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৫ বিকাল ৫টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তৃতীয় তলায় ‘কালের ধ্বনি’-এর উদ্যোগে এ দুটি গ্রন্থের পাঠোৎসব ও আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী। সভাপতির বক্তব্যে শহীদুল্লাহ ফরায়েজী ক্লান্ত আগ্নেয়গিরির আশাবাদ ব্যক্ত করে বলেন, স্বপ্নটাকে দেখতে হবে, স্বপ্ন না দেখার কারণেই স্বপ্ন হাতছাড়া হয়ে যায়, বারবার আমরা অভ্যুত্থান করব, বারবার একটা দল যাবে আর আমাদের স্বপ্ন হাতছাড়া হয়ে যাবে। রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের স্বপ্ন যদি দেখতে না পারি, রাষ্ট্রব্যবস্থা যদি বদলের ব্যবস্থা না করতে পারি, রাষ্ট্রব্যবস্থা রূপান্তরের স্বপ্ন যদি না দেখতে পারি, তবে আবার রক্ত দেব, আবার ব্যর্থ হব। রূপান্তরের স্বপ্নটা স্পষ্ট করে দেখতে হবে।

প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। এ ছাড়া আলোচনা করেন সম্পাদক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন, যোগাযোগ বিশেষজ্ঞ খান মো. রবিউল আলম, সংবিধান বিশেষজ্ঞ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরিফ খান, রাজনীতিবিদ কবি শশ্মান ঠাকুর প্রমুখ।