অ্যাবাকাস অলিম্পিয়াডে অভির বিশ্বজয়
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শেরপুর প্রতিনিধি

আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন’ ও ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ শিরোপা অর্জন করে বিশ্বজয়ের স্বীকৃতি পেয়েছে শেরপুরের ঝিনাইগাতীর খুদে মেধাবী ইয়াসীন তাফসির অভি। আন্তর্জাতিক অলিম্পিয়াড ফেডারেশনের এডুকেশন পার্টনার ব্রেইন স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াড। শেরপুরের সন্তান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এমন অর্জনকে জেলার জন্যও বড় গৌরবের বিষয় হিসেবে দেখছেন অভির পরিবার ও শিক্ষকরা। অভির এ সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ থেকেও দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা সনদ। এবারের আসরে প্রায় ১৪টি দেশের দেড় হাজার প্রতিযোগী অংশ নিয়েছে বলে আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে। ২০২৫ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডের প্রথম পর্বে জুনিয়র লেভেলে অংশ নেয় ইয়াসীন তাফসির অভি। প্রথম পর্বে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন’ সাফল্যের পর ২০২৬ সালের ২ মার্চ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব। সেখানেও অসাধারণ ফলাফল করে অভি অর্জন করে ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ শিরোপা। দুই পর্বের সাফল্যে তার হাতে ওঠে দুটি গোল্ড মেডেল। অ্যাবাকাস হলো- গণনার একটি পদ্ধতি, যেখানে বিশেষ কৌশলে দ্রুত হিসাব করার অনুশীলন করা হয়। এর মাধ্যমে শিশুদের গণনাদক্ষতার পাশাপাশি মনোযোগ, স্মৃতিশক্তি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়তা করে। ইয়াসীন তাফসির অভি অনলাইনে ‘এডুটিউন’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাবাকাস শেখে। এরইমধ্যে সে জুনিয়র লেভেল সফলভাবে শেষ করেছে। বর্তমানে অ্যাডভান্স লেভেলে অ্যাবাকাসের প্রশিক্ষণ নিচ্ছে সে।
