কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সব মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। বুধবার বিকালে তাকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সাবেক এ প্রধান বিচারপতির আইনজীবী মোতাহার হোসেন সাজু বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে উনাকে কেরানীগঞ্জ বিশেষ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত গত সোমবার খায়রুল হকের জামিন বহাল রাখলে তার কারামুক্তির পথ খোলে। হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তী জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। ওই আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সেদিন ‘নো অর্ডার’ দেন। তার আইনজীবী এর আগে জানিয়েছিলেন, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে এবং সবকটিতেই তিনি জামিন পেয়েছেন। এজাহারভুক্ত আসামি হিসেবে আর কোনো মামলায় তাকে গ্রেপ্তার না দেখানোয় কারামুক্তিতে কোনো আইনি বাধা ছিল না। মামলার পেক্ষাপট সম্পর্কে জানা যায়, রেস্টুরেন্ট কর্মী উজ্জ্বল মিয়া হত্যাচেষ্টার মামলাটি ২০২৫ সালের ২৫ নভেম্বর দায়ের করেন।