নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন শিক্ষা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন শিক্ষা পরিষদ। গতকাল শুক্রবার সকালে কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা সংস্কারক ও পীরে কামেল হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.) প্রতিষ্ঠিত নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের শিক্ষা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, বই ও ফুল তুলে দেওয়া হয়। খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানবাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এ.এফ.এম. এনামুল হক, মিশনের সাধারণ সম্পাদক ডা. মো. নজরুল ইসলাম এবং নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন শিক্ষা পরিষদের আহ্বায়ক আলহাজ মো. ইউনুস।

এছাড়া অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা আলহাজ আমজাদ চৌধুরী, আলহাজ আবুল ফজল, বুলবুল হক, আনিসুজ্জামান খোকনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। শিক্ষকদের মধ্যে মো. আব্দুল্লাহ, মো. আনোয়ারুল হক, আ. মুঈদ, আব্দুল মোনায়েম, আহছান কবির টুটুল, মাহবুবুর রহমান, শ্রী কুমার বসাক, আলমগীর কবির, মো. মহাসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান। তারা বলেন, ভালো ফলাফল অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এ সাফল্যকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের সুনাম ও কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বক্তারা শিক্ষার্থীদের ভালো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করাই জীবনের চূড়ান্ত সাফল্য নয়; বরং জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে ধারণ করে সমাজ ও রাষ্ট্রের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ মো. হাবিবুর রহমানের পরিচালনায় দোয়া ও মোনাজাত মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।