চাইলেও স্বাধীন গণমাধ্যম ছাড়া রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয়
জহির উদ্দিন স্বপন
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবদক
স্বাধীন গণমাধ্যম ছাড়া রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সদ্য সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গতকাল শনিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘গণমাধ্যম সামাজিক কাঠামোতে এমন একটা উপাদান যে, এই গণমাধ্যমের কাজের বা প্রভাব প্রতিপত্তির জায়গাটা অনেক বড়। ‘ভালো করলেও যেমন এটার একটা প্রভাব অনেক বড়, খারাপ করলেও কিন্তু এটার প্রভাব অনেক বড়।’
গণমাধ্যম সভ্যতার সবচাইতে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘কোনো রাষ্ট্র-সমাজ নিয়ন্ত্রকরা যদি ভাবেন যে গণমাধ্যমবিহীন, একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যমবিহীন তারা রাষ্ট্র-সমাজ বিনির্মাণ করবেন, এটা অসম্ভব। চাইলেও এখন আর এটা পারা যাবে না।’
সাবেক তথ্যমন্ত্রী বলেন, ‘ইন্টারনেটপূর্ব সমাজে অথবা ডিজিটালাইজেশনের আগের সমাজে অথবা স্মার্ট ডিভাইসের আগের সমাজে কমবেশি এটা সম্ভব হলেও- এটা আর সম্ভব না। ফলে একজন নাগরিক হিসেবে আমি আমার এই সামান্য বোধটুকু, আমি আমার যেকোনো দায়িত্ব পালন করার সময় সজাগ থাকার চেষ্টা করি যে কোনোভাবেই একটা স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া কোনোভাবেই একটা রাষ্ট্র এবং সমাজ তার পূর্ণাঙ্গতা অর্জন করতে পারে না।’
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, সংবাদ সংগ্রহে বস্তনিষ্ঠতা, সত্য ও সাদা সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, সাংবাদিকদের বেতন কাঠামো প্রভৃতি বিষয়ে খোলামেলা কথা বলেন বিদায়ী তথ্যমন্ত্রী।
বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় গত শুক্রবার রাতে নতুন তিনজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী যোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভায় রদবদল আনেন। তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিএনপির শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। জহির উদ্দিন স্বপনকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, ‘আমি মাত্র ছয় মাসের বৈরাগী। অনেক কথা বলে ফেললাম। ছয় মাসের বৈরাগী হলেও আমি কিন্তু ৫০ বছরের গণমাধ্যমের পাঠক এবং দর্শক।’
রাজধানীর মালিবাগে কসমস সেন্টারে বার্তা সংস্থা ইউএনবির জেলা সাংবাদিক সম্মেলন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন জহির উদ্দিন স্বপন।
ইউএনবির এডিটর-ইন-চিফ এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কসমস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী, ঢাকা কুরিয়ারের এডিটর-অ্যাট-লার্জ আফসান চৌধুরী, প্রধানমন্ত্রীর স্পিচরাইটার মাহফুজুর রহমান এবং ইউএনবির ভারপ্রাপ্ত সম্পাদক শায়ান এস খান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, ঢাকা স্ট্রিম সম্পাদক গোলাম ইফতেখার আহমেদ, যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।
