রোহিঙ্গা সংকট যেন আরও এক দশক দীর্ঘ না হয় : শামা ওবায়েদ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শুধু মানবিক সহায়তার দায়িত্ব না সেরে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজভূম মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নিতে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এই সংকট যেন আরও এক দশক দীর্ঘ না হয়, সে বিষয়েও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাগিদ দিয়েছেন তিনি।

বাংলাদেশের রোহিঙ্গা ‘ঢলের’ নয় বছর পূর্তির দুদিন আগে গতকাল রোববার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “দশ বছর আগে মানবিক জরুরি পরিস্থিতিতে সাড়া দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এখন এসে বাংলাদেশ একটি দীর্ঘায়িত রাজনৈতিক সংকট মোকাবেলা করছে। একটি সাধারণ বার্তা আমি দিতে চাই। দশ বছরকে কোনোভাবে বিশ বছর হতে দেওয়া উচিত হবে না।”

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) এবং অক্সফ্যাম আয়োজিত ‘১০ বছরে যাচ্ছে রোহিঙ্গা সংকট: মানবিক সাড়াদান থেকে টেকসই সমাধান’ শীর্ষক দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর হত্যা, নির্যাতনের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ অগাস্টের পর থেকে লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করে। সে সময় মানবিক কারণে বাংলাদেশ তাদের আশ্রয় দিলেও বর্তমানে কক্সবাজার ও উখিয়া-টেকনাফের ক্যাম্পগুলোতে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা অবস্থান করছে; যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার ওপর বড় চাপ সৃষ্টি করেছে। রোহিঙ্গাদের তাদের দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘বেঁচে থাকার চেয়েও বেশি কিছু প্রাপ্য রোহিঙ্গা জনগোষ্ঠীর। তাদের দরকার বাড়ি, তাদের দরকার নিরাপত্তা, তাদের দরকার মর্যাদা। এবং শান্তিতে নিজের মাতৃভূমিতে ফেরার অধিকার তাদের প্রাপ্য। ‘বাংলাদেশ তাদের পাশে দাঁড়ানো অব্যাহত রাখবে। কিন্তু বাংলাদেশের শুধু একা দাঁড়ানো উচিত হবে না।