শোক সংবাদ

ড. মোহাম্মদ হারুনুর রশিদের ইন্তেকাল

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, জননীতি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ হারুনুর রশিদ গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বরিশালের আমানতগঞ্জে জন্মগ্রহণকারী ড. রশিদ ছিলেন প্রয়াত আলতাফ উদ্দিন আহমেদ ও জেবুননেসা বেগমের দ্বিতীয় পুত্র। ড. রশিদ ১৯৬৫ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগদান করেন এবং পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি আর্থিক বিধিবিধান, অর্থনৈতিক পরিকল্পনা এবং দেশের অর্থনীতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি বাণিজ্য, শ্রম ও জনশক্তি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিকল্পনা কমিশনের সদস্য ও ছিলেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পরও ড. রশিদ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে অবদান অব্যাহত রাখেন। তিনি গ্রামীণ ব্যাংক, জনতা ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উত্তরা অফিসার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তিনি দুই কন্যা, এক নাতনি, তার দুই ভাই ও চার বোনসহ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাক্সক্ষীদের রেখে গেছেন। তার জানাজা শুক্রবার বাদআসর, ঢাকার উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল-মাগফেরায় অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবর স্থানে দাফন করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি