জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক বলেছেন, গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গতকাল সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিস্তারের সঙ্গেই অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি এবং জোরালো সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার ঘটেছিল, যার নেতিবাচক প্রভাব এখনও সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান। তরুণ সমাজকে অপরাধের পথ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উপস্থিত সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই তাঁদের প্রধান ও মূল দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের 'বাংলাদেশ ফার্স্ট' দর্শন হৃদয়ে ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।
পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, টেকসই উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় সমান গুরুত্ব দিতে হবে। নদীদূষণ রোধ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা ও নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
