ডামে ড্রপ ইন সেন্টারের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা আহ্‌ছানিয়া মিশনের (ডাম) এডুকেশন অ্যান্ড টিভিইটি সেক্টরের ড্রপ ইন সেন্টার অ্যান্ড নাইট শেল্টার প্রকল্পের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট রাজধানীর ধানমন্ডি ডামের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের জীবনের সংগ্রাম, সাফল্য ও পরিবর্তনের গল্প তুলে ধরেন এবং বর্তমান শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডামের নির্বাহী পরিচালক কে এম জাহিদুজ্জামান। তিনি বলেন, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশু-কিশোরদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ঢাকা আহ্‌ছানিয়া মিশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

ডিআইসি অ্যান্ড নাইট শেল্টার প্রকল্পের কার্যক্রম ও প্রাক্তন শিক্ষার্থীদের অর্জন নিয়ে উপস্থাপনা করেন ডামের শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক মো. মনিরুজ্জামান। উপস্থাপনায় প্রকল্পের মাধ্যমে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ পাওয়ার ফলে প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে যে পরিবর্তন এসেছে, তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের বক্তব্য। তারা নিজেদের জীবনের নানা প্রতিকূলতা, ঢাকা আহ্‌ছানিয়া মিশনের কাছ থেকে পাওয়া শিক্ষা ও সহায়তা এবং বর্তমানে তারা কীভাবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন- সেসব অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ডিআইজি হুমায়ুন কবির। আরও বক্তব্য রাখেন ডামের সহ-সভাপতি (কর্মসূচি) ড. এস এম খলিলুর রহমান, সহ-সভাপতি (অর্থ ও প্রশাসন) ডা. মোহাম্মদ খলিল উল্লাহ, সহ-সভাপতি, সহ-সভাপতি (প্রতিষ্ঠান) অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমদ এবং হেল্পএইজ ইন্টারন্যাশন্যালের রিজিওন্যাল অ্যাডভাইজর বেভিল থাভারাসা।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডামের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের পুনর্মিলনী ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।