'সব মেডিকেল কলেজ-জেলা হাসপাতালে ডায়ালাইসিস মেশিন স্থাপন'

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি ও জেলা হাসপাতালে ১০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এ বছরেই এই সেবা চালু হবে।

গতকাল সোমবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি রোগীর সংখ্যা বেড়ে গেছে। ডায়ালাইসিস সেবা প্রত্যাশীরা ঢাকায় গিয়ে ভোগান্তির শিকার হন। এ কারণে প্রধানমন্ত্রী সারা দেশে ডায়ালাইসিস সেবা চালু করতে সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলোতে ডায়ালাইসিস মেশিন স্থাপন করার নির্দেশ দেন। 'এই সেবা চালু হলে সেবা প্রত্যাশীদের ঢাকায় গিয়ে ভোগান্তিতে পড়তে হবে না। প্রতিদিন ১২০ জন রোগী বাড়ি থেকে এসেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন, এতে করে বাড়তি টাকাও খরচ হবে না', বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, প্রত্যেক ইউনিয়নে একটি করে স্বাস্থ্যকল্যাণ কেন্দ্র স্থাপন করা হবে।