সামরিক মর্যাদায় বিমানবাহিনীর নিহত তিন সদস্যের জানাজা সম্পন্ন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর তিন সদস্যের সামরিক মর্যাদায় জানাজা ও ফিউনারেল প্যারেড সম্পন্ন হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার (কুর্মিটোলা)-এর সি-১৩০ হ্যাঙ্গারে নিহত তিন সদস্যের জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। নিহত তিন সদস্য হলেন ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান পিয়াস এবং এলএসি মো. জুবাইদুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় কিউআরএফের (কুইক রেসপন্স ফোর্স) দায়িত্ব পালনকালে বিমানবাহিনীর সাত সদস্যকে বহনকারী একটি জিপ দুর্ঘটনায় পড়ে। এতে তিন সদস্য নিহত এবং চারজন গুরুতর আহত হন। আহত চারজন বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।