জনগণের ভোগান্তি নিরসনে লংমার্চে অংশ নিচ্ছে এনসিপি
বললেন আখতার হোসেন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
জনগণের ভোগান্তি নিরসন এবং গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে এনসিপি অংশ নিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ১১ দলীয় ঐক্যের ব্যানারে আগামী ৫ সেপ্টেম্বর আমরা ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চের সিদ্ধান্ত নিয়েছি। সে লংমার্চ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অংশগ্রহণ কীভাবে হবে, সে বিষয় নিয়ে আজকে আমাদের একটি মিটিং ছিল।
আমাদের আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং তাদের সকল নেতাদের সঙ্গে নিয়ে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। আমরা সামগ্রিকভাবে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট দেখছি, তাতে করে জনভোগান্তি নিরসন করা এবং গণভোটের রায় বাস্তবায়ন করা, সেই লক্ষ্য নিয়েই আমরা এই লং মার্চে উপস্থিত হচ্ছি।
সরকারের বক্তব্যের সমালোচনা করে আখতার হোসেন বলেন, এমন ধরনের কথা তারা বলেছে যে বিদ্যুতের নাকি সংকট নেই, লোডশেডিং নাকি হয় না। বরং এক পোল থেকে আরেক পোলে বিদ্যুৎ যেতে যে সময়টা প্রয়োজন হয়, সেই সময়ের আধিক্যের কারণে নাকি এক স্থান থেকে অন্য স্থানে বিদ্যুৎ পৌঁছাতে যে দেরি হয়, সেটাকেই নাকি লোডশেডিং বলা হচ্ছে। এটা জনগণের ভোগান্তি আড়াল করে, জনগণের সত্যিকারের সংকটকে আমলে না নেওয়ার মানসিকতার একটি বহিঃপ্রকাশ।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, আপনারা দেখেছেন যে বাংলাদেশের মানুষদের ২৪-এর অভ্যুত্থানের সময়কালে একটা গণহত্যার মতো পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়েছে। একটা মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশের মানুষের ওপর সংঘটিত হয়েছে। সেই আসামিদের যখন কোর্টে উপস্থাপন করা হচ্ছে, তারা হাস্যোজ্জ্বল চেহারায় উপস্থিত হচ্ছেন। বিভিন্নভাবে এই ক্রিমিনাল মানবতাবিরোধী অপরাধীদের সাজা কমিয়ে দেওয়া হচ্ছে।
