সামাজিক অপরাধ দমনে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে
বললেন সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে এসব অপরাধ নির্মূল করা সম্ভব। গতকাল শুক্রবার দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা পরিষদে হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়, একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। মাদক সেবন যুবক ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে। যারা মাদকের ব্যবসা করে, সেবন করে কিংবা অনলাইনে-অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথে পরিচালিত করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন, কোনো গ্রাম, ইউনিয়ন বা ওয়ার্ডে যেন মাদক ব্যবসা, জুয়ার আসর কিংবা অন্য কোনো অসামাজিক অপরাধের কেন্দ্র গড়ে উঠতে না পারে, সে বিষয়ে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে, অপরাধ প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, অন্যায়কারী যত শক্তিশালীই হোক না কেন, তার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যায়ের শক্তি সাময়িকভাবে প্রভাব বিস্তার করতে পারলেও, সত্য ও ন্যায়ের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো অপরাধী সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যে মানবিক, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এবং আগামী প্রজন্মের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. তরিকুল ইসলাম। আরও বক্তব্য দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, জেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
মতবিনিময় সভার আগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে দেশি প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। শতাধিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার এবং দুস্থ ও অসহায় ৬২ জন নারীকে অনুদানের চেক বিতরণ করেন। এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
