শেওড়াপাড়া থেকে অপহৃত শিশু পদ্মা সেতুতে উদ্ধার, তরুণী গ্রেপ্তার

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া থেকে অপহৃত সাত বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পদ্মা সেতু (দক্ষিণ) থানার আওতাধীন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় শিশুটিকে অপহরণে অভিযুক্ত তরুণী যুথিকেও (২২) আটক করে পুলিশ। অপহৃত নুসরাত জাহান পরিবারের সঙ্গে রাজধানীর কাফরুল এলাকায় ভাড়া থাকে। তার বাবা মো. রাজিব পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। গতকাল শনিবার পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১টার দিকে শিশুটিকে উদ্ধার ও ওই তরুণীকে আটক করা হয়। এরপর কাফরুল থানা পুলিশের কাছে তাদের দুজনকে বুঝিয়ে দেওয়া হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পদ্মা সেতু (দক্ষিণ) থানা থেকে বুঝে পাওয়ার পর ভোর ৪টার দিকে পরিবারের কাছে নুসরাতকে হস্তান্তর করা হয়।