ফিবোনাচ্চি অলিম্পিয়াডে সোনারগাঁও ইউনিভার্সিটির তিনটি পদক অর্জন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিজ্ঞান, প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় আবারও সাফল্যের স্বাক্ষর রেখেছে সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিশ্বের ৩০টিরও বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড এসটিইএম অলিম্পিয়াডের বাংলাদেশ ন্যাশনাল রাউন্ডে একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জসহ মোট তিনটি জাতীয় পদক অর্জন করেছে সোনারগাঁও ইউনিভার্সিটির 'এসইউ ইনোভেশন হাব'র তিনটি দল। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি ৫৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সোনারগাঁও ইউনিভার্সিটির দলগুলো এ সাফল্য অর্জন করে। একই সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে ইতালির রোমে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। 'এসইউ ইনোভেশন হাব'-এর কার্যক্রমের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন সোনারগাঁও ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. রইস উদ্দিন মোল্লা।