সামাজিক নিরাপত্তা ভাতায় ত্রুটি কমাতে ডিজিটাল ডাটাবেজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে ডোর-টু-ডোর পদ্ধতিতে তথ্য সংগ্রহের মাধ্যমে একটি ত্রুটিমুক্ত ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নেত্রকোনা-৩ আসনের সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম হেলালীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রফিকুল ইসলাম হেলালী বলেন, মাঠপর্যায়ে প্রকৃত দুস্থ ও নিম্ন আয়ের অনেক মানুষ বিভিন্ন জটিলতায় সামাজিক নিরাপত্তা ভাতার তালিকা থেকে বাদ পড়ে যান। কোথাও কোথাও উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার ঘাটতির অভিযোগও রয়েছে। প্রকৃত অসহায় মানুষের দোরগোড়ায় সহায়তা পৌঁছে দিতে শক্তিশালী ও ত্রুটিমুক্ত ডিজিটাল ডাটাবেজ ও কঠোর মনিটরিং ব্যবস্থা চালুর সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কিনা, জানতে চান তিনি।

জবাবে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ এরইমধ্যে শুরু হয়েছে। ডাটাবেজ শতভাগ ত্রুটিমুক্ত করতে ডোর-টু-ডোর অ্যাপ্রোচের মাধ্যমে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, সারা দেশে যখন ফ্যামিলি কার্ড বিতরণ পুরোপুরি একযোগে শুরু হবে, তখন সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগী নির্বাচন নিয়ে যে ত্রুটির প্রশ্নগুলো রয়েছে, সেগুলো অনেকাংশে কমে আসবে এবং এ নিয়ে সন্দেহও দূর হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে বয়স্ক ভাতা ও বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা 'পিক অ্যান্ড চুজ' পদ্ধতিতে দেওয়া হতো। নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভাতার জন্য নির্বাচিত করা হতো। ফলে বয়সসীমা পূরণ করলেও সবাই ভাতা পেতেন না। বর্তমানে এসব কর্মসূচি ইউনিভার্সাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।