রাশিয়ার মাউন্ট এলব্রুস জয় করতে যাচ্ছেন শাকিল
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাশিয়ায় ইউরোপ মহাদেশের সর্বোচ্চ চূড়া মাউন্ট এলব্রুস অভিযানে যাচ্ছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। এ উপলক্ষ্যে ১১ সেপ্টেম্বর সকালে ধানমন্ডিতে রাশিয়ান হাউজে সাংবাদিক সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। 'বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান' উপলক্ষ্যে শাকিলের হাতে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়।
শাকিল বলেন, আমার জন্য প্রতিটি অভিযানই চ্যালেঞ্জের। এলব্রুসের উচ্চতা নিয়ে চিন্তিত না হলেও এর আচরণ নিয়ে সাবধান থাকতে হবে। এটা তো সুপ্ত আগ্নেয়গিরি। সে কারণেই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। তবে এলব্রুস চূড়ায় দেশের পতাকা উড়িয়ে ধরতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। সবার দোয়া চাই। আগামী ১৯ সেপ্টেম্বর রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শাকিল। এরপর প্রায় ১৫ দিনের অভিযানে মাউন্ট এলব্রুসের চূড়ায় আরোহণের চেষ্টা করবেন। সংবাদ সম্মেলনে রাশিয়ান হাউজের পরিচালক অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ে, অ্যান্টার্কটিকা অভিযাত্রী ও পাখি-বিজ্ঞানী ইনাম আল হক, কিডলন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম, টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গোরে, ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান এবং আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপু উপস্থিত ছিলেন। অভিযানটি আয়োজন করছে রাশিয়ান হাউজ ইন ঢাকা এবং বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
