অসুস্থ মহিলাকে চিকিৎসা সহায়তা প্রদান কোস্ট গার্ডের

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক মহিলাকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক মহিলা তার পুত্রবধূকে নিয়ে 'ফারহান-৩' লঞ্চযোগে ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে রওনা করে। লঞ্চটি রাত ১১টায় চাঁদপুর হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে উক্ত মহিলার পুত্রবধূ হঠাৎ খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়ে। এসময় উক্ত লঞ্চের এক যাত্রী কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ অতিদ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে। পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোটযোগে হরিণা ফেরিঘাটে আনা হয় এবং কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি