ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন। ভুটানের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটির (জিএমসি) উন্নয়নে বিশেষ করে পেশাদার, দক্ষ ও আধা-দক্ষ মানবসম্পদ সরবরাহে অবদান রাখতে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে প্রতিমন্ত্রী এ অঞ্চল ও জনগণের সম্মিলিত স্বার্থে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য ভুটানের সমর্থন কামনা করেন। ভুটানের রাষ্ট্রদূত গত ২৬ আগস্ট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের রাজার সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় বাংলাদেশের রাষ্ট্রপতির উপস্থিতিতে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।