স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন, প্রজ্ঞাপন জারি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ফাতেহা-ইইয়াজদহম উপলক্ষ্যে আগে দেওয়া ছুটির তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গতকাল রোববার জারি করা এক প্রজ্ঞাপনে ছুটি পরিবর্তনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০/০৫/২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ করা হলো। এর আগে স্কুল-কলেজের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর উল্লেখ ছিল। যদিও এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও এ জন্য এক দিন পিছিয়েছে। ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
