এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা
মামলাটি এখন তদন্ত করবে ডিবি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) ন্যস্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাটি গত সোমবার রাতে শেরেবাংলা নগর থানা থেকে ডিবিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার মামলার নথিপত্র ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গত সোমবার গাজী নজরুল ইসলামের চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনে রিমান্ড মঞ্জুর হওয়ার পর আদালত থেকে গাজী নজরুল ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুলের। তিনি এই ফ্ল্যাটে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন। ফ্ল্যাটটির একটি কক্ষের দরজা ভেঙে মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই দিন রাতেই মরিয়ম বেগমের বাবা এস এম মাসুম বিল্লাহ মেয়ের আত্মহত্যার পেছনে প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। মামলায় মরিয়মের স্বামী গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। ওবায়দুর রহমান এখনও পলাতক।
মাসুম বিল্লাহ মামলায় উল্লেখ করেছেন, গত জুনে তার শ্যালক ওবায়দুর রহমানের প্রত্যক্ষ প্ররোচনায় সংসদ সদস্য গাজী নজরুলের সঙ্গে বাদীর বড় মেয়ে মরিয়মের বিয়ে হয়। সংসদ ভবনের বিপরীত পাশে ৫ নম্বর ন্যাম ভবনের ২০৩ নম্বর বাসায় নজরুল ও মাকছুদার সঙ্গে থাকতেন মরিয়ম। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকছুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তার পরিবারকে ফোনে জানিয়েছেন। এর মধ্যে রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।
এজাহারে বলা হয়েছে, লাশ উদ্ধারের সময় মেয়ের বিছানার ওপর তার লেখা 'সুইসাইড নোট' দেখতে পান। রোববার বেলা তিনটা থেকে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে মরিয়ম আত্মহত্যা করে থাকতে পারেন বলে এজাহারে বলা হয়েছে। গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে : রাজধানী শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার এ মামলায় এক দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
