জাতীয় যুব জলবায়ু অবস্থানপত্র পরিবেশ মন্ত্রণালয়ে হস্তান্তর

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তুরস্কে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ৩১-কে সামনে রেখে ২০ দফা সনদ প্রকাশ করেছেন দেশের শতাধিক তরুণ জলবায়ুকর্মী। একইসঙ্গে ৬৪ জেলার তরুণদের দাবি এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের সরাসরি অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এ 'যুব জলবায়ু অবস্থানপত্র ২০২৬' পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অ্যাকশনএইড বাংলাদেশ ও ব্রাইটার্স আয়োজিত চার দিনব্যাপী 'বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬'-এর সমাপনী অনুষ্ঠানে এ সনদ উন্মোচন ও প্রকাশ করা হয়। প্রকাশিত এ অবস্থানপত্রে জলবায়ু প্রশমন, স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন, পরিবেশগত ক্ষয়ক্ষতি ও ন্যায়সংগত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু শিক্ষা ও সচেতনতা, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি এবং নীতি নির্ধারণে তরুণদের নেতৃত্বের মতো ৭টি মূল ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল 'প্যারিস থেকে আনতালিয়া: এক দশকের জলবায়ু প্রতিশ্রুতি ও বাস্তবতা'।

এ অবস্থানপত্র তৈরির প্রক্রিয়ায় দেশের ৬৪ জেলার তরুণদের পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মতামত নেওয়া হয়। ফোকাস গ্রুপ আলোচনা, গল্প বলার আসর, অংশগ্রহণমূলক মানচিত্রায়ন ও কমিউনিটি স্কোরকার্ডের মাধ্যমে সংগৃহীত তথ্যের পাশাপাশি দেশের ৭টি সুনির্দিষ্ট সংকটাপন্ন এলাকার ভুক্তভোগীদের মতামত এবং ৬টি ঝুঁকিপূর্ণ ক্লাস্টারের ৩ বছরের গবেষণার ওপর ভিত্তি করে সনদটি প্রস্তুত করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর পুলিশ প্লাজা থেকে গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ পর্যন্ত পদযাত্রার মাধ্যমে চার দিনের এ কার্যক্রম শুরু হয়। গত ২০ সেপ্টেম্বর বিষয়ভিত্তিক আলোচনা ও গত ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অনলাইন আলোচনার (ওয়েবিনার) পর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় মূল ও সমাপনী সম্মেলন।