শিশু নিখোঁজ ও পাচার রোধে কার্যকর পদক্ষেপের দাবি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে আশঙ্কাজনক হারে শিশু নিখোঁজ ও পাচারের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত নিখোঁজ শিশুদের উদ্ধার ও শিশু সুরক্ষায় রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে 'অগ্রযাত্রা নারী ফোরাম ও সমমনা সংগঠনগুলো'-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আর্থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আমিনুল ইসলাম বকুল, অগ্রযাত্রা নারী ফোরামের সদস্য সচিব মেহনাজ মালা, 'রিভার বাংলা'র সম্পাদক ফয়সাল আহমেদ, নারী কন্ঠের ভাইস প্রেসিডেন্ট, নাজরানা শবনম, সীমান্ত'র প্রধান নির্বাহী, শাকিলা পারভিন, ব্রেভ এর প্রধান নির্বাহী জাকিয়া জাহান, মাহাবুবুল হক, সমাজকর্মী, সংস্কৃতি কর্মী, ড. আব্দুল ওহাব, পরিবেশবিদ, আব্দুল মজিদ অন্তর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু নিখোঁজের ঘটনা এখন আর বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, এটি জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য উল্লেখ করে তারা জানান, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫,৭১৭টি শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ১৩,৬৭৯ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ২,০৩৮ জন শিশু এখনও নিখোঁজ রয়েছে। নিখোঁজ থাকা এ শিশুদের মধ্যে ০ থেকে ৯ বছর বয়সী ৬৮ জন এবং ১০ থেকে ১৭ বছর বয়সী ১,৯৭০ জন।