প্রস্তাবিত সাইবার আইনের নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর 'নিবর্তনমূলক ও গণবিরোধী' ধারাগুলো অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে 'গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য'। একইসঙ্গে দেশজুড়ে শিশু নিখোঁজ, কুমিল্লায় কিশোর হত্যা, সাংস্কৃতিক আয়োজনে বাধা, ডাকসুতে ইতিহাস বিকৃতি এবং শিল্পকলা একাডেমির নানা অনিয়মের ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলোর এই মোর্চা। গতকাল বুধবার গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পক্ষে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। মোর্চার আহ্বায়ক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপনসহ ১৫ জন সংগঠক এই বিবৃতিতে স্বাক্ষর করেন। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক অধিকারের অন্যতম প্রধান ভিত্তি মতপ্রকাশের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ। অথচ প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় এমন কিছু বিধান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে মতপ্রকাশ, সাংবাদিকতা ও সৃজনশীল কর্মকাণ্ড নিয়ন্ত্রণের ব্যাপক ক্ষমতা দিতে পারে। নেতৃবৃন্দ বলেন, 'এ ধরনের বিধান বিগত আওয়ামী লীগ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন ও পরবর্তী সাইবার সুরক্ষা আইনের নিবর্তনমূলক আইনের পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করছে। প্রস্তাবিত সংশোধনী নিয়ে সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট মহলেও অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।'