মালয়েশিয়ায় প্রদর্শনীতে বৈশ্বিক হালাল পণ্যের বাজার ধরতে চায় বাংলাদেশ
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক হালাল বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেসে (মিহাস) খাদ্যপণ্য, ওষুধ, তৈরি পোশাক, পাট, চা, চামড়াসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরছেন বাংলাদেশের রপ্তানিকারকেরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সঙ্গে বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে (মাইটেক) গতকাল শুরু হওয়া এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।
৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের হালাল অর্থনীতির ক্রেতা, পরিবেশক ও সনদ প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করছে এ আয়োজন। এবারের মিহাসে খাদ্য, ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, অর্থায়ন, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের ২ হাজার ৩৮০টি বুথ রয়েছে।
