সোনারগাঁয়ে অবৈধ চুনা ফ্যাক্টরি বন্ধে মানববন্ধন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনারগাঁ প্রতিনিধি

সোনারগাঁয়ে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫৬ টি চুনা কারখানা বন্ধের দাবিতে এবং এর সঙ্গে জড়িতদের নাম প্রকাশ হওয়ার পরও অজ্ঞাত কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা আন্দোলন। গত শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় সোনারগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবি রহমান মুজিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোকাররম মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সূবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি ও কবি শাহেদ কায়েস, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রবিউল হুসাইন, সুজন সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উদীচী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সংগঠনের সহ সভাপতি মোয়াজ্জেনুল হক, যুগ্ম সম্পাদক মোফাখখার সাগর, কার্য নির্বাহী কমিটির সদস্য রোকেয়া আক্তার, শিপন চৌধুরী প্রমূখ। মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি কবি রহমান মুজিব। মানববন্ধনে বক্তারা বলেন, ইতিহাসে দেশের অন্যতম ঐতিহাসিক ও সামাজিকভাবে শান্তিপূর্ণ জনপদ হিসেবে পরিচিত সোনারগাঁ জনপদটিতে বর্তমানে ৫৬টির মতো অবৈধ চুনা ফ্যাক্টরি গড়ে উঠেছে।