ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন— মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন। তিনি জানান, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশম তলায় কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার কথা বলে ভয়ভীতি প্রদর্শন করেন। এক পর্যায়ে মামলা নিষ্পত্তির কথা বলে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভয়ে তিনি তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তাদের কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তিনি ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

তিনি আরো জানান, পরে উত্তরা পূর্ব থানার একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনের কাছে ডিজিএফআইয়ের পরিচয়পত্র পায়। পরিচয়পত্রটি দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে অভিযুক্তরা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের ভুয়া একটি পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, নগদ ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। পাশাপাশি তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি করা হয় এবং সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।