দুর্গাপূজার ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী, ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী এবং ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি থাকবে। আগে ২২ অক্টোবর কর্মদিবস ছিল। তবে এই অতিরিক্ত ছুটির সমন্বয়ে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা থাকবে। ওইদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবর ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এর পরিপ্রেক্ষিতেই জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সময়ে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবাগুলো চালু থাকবে।

এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবা। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির আওতামুক্ত থাকবেন। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসও এ ছুটির বাইরে থাকবে।

ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।