বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ওসমানী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠিত

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গত বৃহস্পতিবার বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্স ও বিবিএ প্রোগ্রামে সর্বোচ্চ একাডেমিক কৃতিত্বের জন্য ৮১, ৮২, ৮৩, ৮৪, ৮৫ ও ৮৬ বাফা কোর্সের কর্মকর্তাদের মাঝে ওসমানী স্বর্ণপদক ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বর্ণপদকপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে পদক ও সনদপত্র প্রদান করেন। পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, একাডেমিক উৎকর্ষতা একজন কর্মকর্তার পেশাগত জীবনের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করে। জ্ঞানার্জনের কোনো শেষ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, অর্জিত জ্ঞান সময়ের সঙ্গে প্রজ্ঞায় রূপ নেয় এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তিনি তরুণ কর্মকর্তাদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখার পাশাপাশি অর্জিত জ্ঞান কর্মজীবনে যথাযথভাবে প্রয়োগের আহ্বান জানান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি