ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নের পথে নতুন মাইলফলক ও দৃষ্টান্ত স্থাপন করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সূর্যের আলো বা সৌরশক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন, সঞ্চয়, জাতীয় গ্রিডে সঞ্চালনের পাশাপাশি বাসাবাড়িতে ব্যবহৃত দৈনন্দিন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য পরিচালনায় একটি সমন্বিত 'সোলার ইকোসিস্টেম' প্রযুক্তিব্যবস্থা উন্মোচন করেছে ওয়ালটন। শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে প্রধান অতিথি হিসেবে 'ওয়ালটন সোলার ইকোসিস্টেম' উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি এবং তাহমিনা আফরোজ তান্না।
উদ্বোধনের পর ওয়ালটনের সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল, সোলার পাওয়ার ক্যাবল, স্টোরেজ ইনভার্টার ও ব্যাটারি, সোলার হাইব্রিড প্রযুক্তিনির্ভর ফ্রিজ, এসি ও স্মার্ট টিভিসহ সৌরবিদ্যুৎচালিত ওয়াশিং মেশিন, ইলেকট্রিক কুকার, ওভেন, রাইস কুকার, বিএলডিসি ফ্যান, সোলারচালিত পেডেস্টাল ও টেবিল ফ্যান, বাল্ব, স্ট্রিট লাইটসহ বিভিন্ন পণ্যের সর্বাধুনিক প্রযুক্তি ও জ্বালানিসাশ্রয়ী বৈশিষ্ট্য সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী।
