জলবায়ু সংকটপ্রবণ এলাকায় বাল্যবিবাহের ঝুঁকি কমাতে আলোচনা

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মেয়েদের ওপর বাল্যবিবাহের ঝুঁকি নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন (আইএইচএফ) ও ইসমাইলি সিভিক বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরার ইসমাইলি জামাতখানা অ্যান্ড সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটিতে দুটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। যেখানে আলোচনায় উঠে এসেছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট কীভাবে পরিবারগুলোর ওপর অর্থনৈতিক ও সামাজিক চাপ বাড়ায় এবং মেয়েদের বাল্যবিবাহের ঝুঁকি তৈরি করে। কারণ, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, নারী-পুরুষের বৈষম্য এবং মেয়েদের অধিকার এই সকল বিষয়গুলো একে অপরের সঙ্গে জড়িত। তাই এসব সমস্যা মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে মূল বক্তব্যে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও বাল্যবিবাহকে আলাদা সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। প্রথম প্যানেল ডিসকাশনটির সঞ্চালক হিসেবে ছিলেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের উপদেষ্টা শামীমা আক্তার। দ্বিতীয় প্যানেল ডিসকাশনে সঞ্চালনা করেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সৈয়দ ফজলে নিয়াজ।