চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন শেষ করা কঠিন বলে মনে করছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনগুলো নিয়ে চিন্তাভাবনা করা হবে।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন যেহেতু আমরা ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত। এ নির্বাচন শেষ হওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি চিন্তাভাবনা করা হবে। আপাতত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই।'
চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, মনে হয় না যে সব করতে পারব। এটি আমার ব্যক্তিগত মতামত।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার বলেন, আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশনকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে।
