সমান মর্যাদা ও অধিকার নিয়ে বাংলাদেশে থাকবে হিন্দু সম্প্রদায় : এনসিপি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকবে হিন্দু সম্প্রদায়। কোনো দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবেন না হিন্দু ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ে সোমবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মণ্ডপে উপস্থিত হয়ে এসব কথা বলেন এনসিপি নেতৃবৃন্দ। এদিন শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপি এবং যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ প্রমুখ। এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে পুরো মণ্ডপের পূজা অর্চনা ও সমগ্র আয়োজন ঘুরে দেখেন এনসিপি নেতৃবৃন্দ। পরে বক্তব্য রাখেন এনসিপি নেতৃবৃন্দ।

সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মুসলমান এবং অন্য ধর্মের যারা রয়েছেন সকলে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকবে বলে মন্তব্য করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক লড়াইয়ে হিন্দু মুসলমান একত্রিত হয়ে লড়াই সংগ্রাম করেছে। একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান, প্রতিটি ক্রান্তিলগ্নে এদেশের সব ধর্মের মানুষ কাধে কাধ মিলিয়ে লড়াই করেছে। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না। চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের সবচেয়ে বড় অশুভ শক্তির পরাজয় ঘটেছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো দলের রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হবেন না হিন্দু ধর্মাবলম্বীরা। যারা বিভিন্ন সময় হিন্দু ধর্মাবলম্বীদের হীন স্বার্থে ব্যবহার করেছে এবং তাদের সম্পত্তি দখল করেছে তাদের আমরা অশুভ শক্তি হিসেবে বলতে চাই। তারা এই দেশের জন্য ক্ষতিকর।