সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদের দাফন সম্পন্ন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিনিধি

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি সাহেদ আহমেদ আশিকের (৩৫) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা মাদলা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাদলা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনসহ স্বজন ও এলাকাবাসী।

এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে সাহেদের মরদেহবাহী গাড়ি গ্রামের বাড়ি মাদলায় পৌঁছায়। এ সময় স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মরদেহের সঙ্গে ঢাকা থেকে গ্রামে আসেন তাঁর স্ত্রী কাকলী বেগম ও দুই সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন সাহেদ।

বিমানবন্দরে পৌঁছে তিনি স্ত্রী কাকলী বেগমের সঙ্গে মুঠোফোনে শেষবারের মতো কথা বলেন। এর কিছুক্ষণ পরই সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সাহেদসহ কয়েকজন নিহত হন। সাহেদের খালাতো ভাই মাসুম রানা জানান, বিমানবন্দরে নেমে সাহেদ তার স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। এর কিছুক্ষণ পরই ক্ষেপণাস্ত্র হামলায় সব শেষ হয়ে যায়। সাহেদের বাবা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। ঘটনার সময় তার মা শাহেরা বেগম ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ছিলেন। ছেলের মৃত্যুর পর তিনি দেশে ফিরে আসেন। সাহেদের এমন আকস্মিক মৃত্যুতে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।