গাড়ি লক্ষ্য করে গুলি অক্ষত আসিফ আকবর
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজার এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। তবে ঘটনার সময় গাড়িতে না থাকায় অক্ষত রয়েছেন তিনি।
এসময় আসিফ আকবর বিশাল সেন্টারের ৩য় তলায় তার স্টুডিওতে ছিলেন। চালকও গাড়ির কাছে ছিলেন না, বলছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, 'ঘটনার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে একজন নেমে এসে আসিফ আকবরের গাড়িতে গুলি করে আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান। তবে অটোরিকশায় আরও কেউ বসা ছিল কিনা সে বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে।'
চালকের আসন বরাবর পিছনের আসন লক্ষ্য করে গুলি করা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, 'গুলি এক রাউন্ড করা হয়েছিল। গুলিতে গ্লাস ভেঙে যায়।' পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে আসিফ আকবর তার স্টুডিওতে আসেন। সেখানে তার কয়েকজন বন্ধুও ছিলেন। বন্ধুরা রাত ৩টার দিকে চলে যান। শনিবার সকালে ঘটনার সময় কাছাকাছি দূরত্বে থাকা নিরাপত্তা কর্মী গুলির শব্দ শুনে ছুটে আসেন এবং গাড়িতে গুলির চিহ্ন দেখে আসিফ আকবরকে জানান। পরে আসিফ আকবর নিচে নেমে পরিস্থিতি দেখে জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ খবর দেন। পুলিশের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসিফ আকবরের সাথে কথা বলেন। তবে তিনি কাউকে সন্দেহ করছেন না বা তার কোনো অভিযোগ না থাকার কথা ঘটনাস্থলে আসা পুলিশকে বলেন। 'তারপরেও আমরা চেষ্টা করছি। ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। একটি ফুটেজ পাওয়া গেছে, যেখানে হামলাকারীর শুধু পা দেখা গেছে।
