কাল ঢাকায় শুরু হচ্ছে পর্যটন মেলা
* ২০০টিরও বেশি বুথ ও স্টল থাকবে * ২০টিরও বেশি দেশের পর্যটন সংস্থা, এয়ারলাইনস, আতিথেয়তা খাতের প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা অংশ নেবেন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গাজী মুনছুর আজিজ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তিগত উদ্ভাবন ও টেকসই পর্যটন উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে 'এআইনির্ভর পর্যটন, টেকসই গন্তব্য' প্রতিপাদ্যে কাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করছে। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসছে এ মেলা। মঙ্গলবার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ।
তিনি বলেন, পর্যটনসেবায় আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন, পরিবেশবান্ধব ভ্রমণে উৎসাহ এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদারের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন ত্বরান্বিত করাই এ মেলার লক্ষ্য। তিনি জানান, ২০টিরও বেশি দেশের পর্যটন সংস্থা, এয়ারলাইনস, আতিথেয়তা খাতের প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা এ আয়োজনে অংশ নেবেন।
মেলায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনেই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান। তিনি আরও বলেন, মেলায় ২০০টিরও বেশি বুথ ও স্টল, ২২০ জনের বেশি প্রদর্শক, ২৫০ জনেরও বেশি উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ক্রেতা এবং প্রায় আড়াই হাজার দর্শনার্থী অংশ নেবেন।
টোয়াব সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, আগের ১৩টি আসর সফলভাবে আয়োজনের মধ্য দিয়ে এ মেলা ইতোমধ্যে আঞ্চলিক পর্যটন খাতের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
এ মেলার মাধ্যমে বাংলাদেশের ট্যুর অপারেটরদের আন্তর্জাতিক ক্রেতা, ট্রাভেল এজেন্সি, এয়ারলাইনস এবং আতিথেয়তা খাতের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ), বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সার্বিক সহযোগিতায় এ মেলা আয়োজন করা হচ্ছে।
