কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমাল ইআবি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে পরিচালিত মাদরাসাগুলোর কামিল (স্নাতকোত্তর) দুই বছর মেয়াদি প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষার ফরম পূরণ ফি প্রতি পত্রে ১০০ টাকা কমানো হয়েছে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। জারিকৃত আদেশে জানানো হয়, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ফি পুনর্নির্ধারণ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কামিল পরীক্ষার ফরম পূরণ ফি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি পত্রের ফি ৩৫০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে গত বুধবার প্রকাশিত অফিস আদেশের অন্যান্য ফি অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার অধ্যক্ষদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অধ্যক্ষরা অধিভুক্তি নবায়ন, পরীক্ষা ও নিবন্ধন ফিসহ বিভিন্ন ফি শিক্ষার্থীদের সাধ্যের বাইরে উল্লেখ করে তা কমানোর দাবি জানায়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি