বিচারপ্রক্রিয়ায় এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান আইনমন্ত্রীর

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিচারপ্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, 'এআই ব্যবহার করে বিচারিক সিদ্ধান্ত, রায় লেখা কিংবা সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণের ক্ষেত্রে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মানুষের কণ্ঠস্বর নিখুঁতভাবে নকল করার সক্ষমতাও ভবিষ্যতে বিচার বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।'

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলনকক্ষে ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, 'বিচার প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থাপনায় রূপান্তরের মাধ্যমে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার সহজলভ্য করতে হবে। ই-বেইল বন্ড চালুর সুফল মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছে। ভবিষ্যতে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ ও হাজিরার ব্যবস্থা চালু করা গেলে সময়, অর্থ ও ঝুঁকি কমানো সম্ভব হবে।'

তিনি বলেন, 'ই-জুডিশিয়ারি কার্যকর করতে হলে বিচারিক কার্যক্রমের সব পর্যায়কে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। এতে সময় ও অর্থের সাশ্রয় হবে। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বিচারকদেরও নিজেদের দক্ষতা বাড়াতে হবে।'

বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, 'বিচার বিভাগের সামনে আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে এআই। এআই ব্যবহার করে রায় লেখা কিংবা সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণের ক্ষেত্রে ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এআই মানুষের কণ্ঠস্বরও অত্যন্ত নিখুঁতভাবে নকল করতে পারে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিচারকদের ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে আরও দক্ষ হতে হবে।'

তিনি বলেন, 'বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসা ফিরিয়ে আনতে হবে। বিচারকরা যেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।'