কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৩৬ জন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুমিল্লা প্রতিনিধি

জেলায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৩৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১২৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান এ তথ্য জানান। পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানা এলাকার পাশাপাশি কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্য ও বখাটেদের উৎপাত রয়েছে, এমন এলাকাগুলোকে অভিযানের আওতায় আনা হয়।