ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত

সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত

২০২৬ সালের হজ মৌসুমে হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি আরবে আটকে রাখা ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ। গত ২৯ অক্টোবর জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের 'নুসুক' সিস্টেমে সম্পূর্ণ অর্থ জমা হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর ইন্স্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিল, তা সফলভাবে ফেরত আনা সম্ভব হয়েছে।

হজযাত্রীদের আর্থিক স্বার্থ রক্ষা এবং দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ক্ষেত্রে এ ঘটনা উল্লেখযোগ্য সাফল্য বলে মন্তব্য করেন মন্ত্রী। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, মোট ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, সৌদি কর্তৃপক্ষ এ অর্থ কেটে সংরক্ষণ করেছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাওয়া ৩১০ জন হজযাত্রীর বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল ও সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০ জন হজযাত্রীর বিপরীতে এক লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল কেটে রাখা হয়েছিল। ধর্মমন্ত্রী আরও বলেন, বিষয়টি জানার পর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক দিকনির্দেশনায় জেদ্দায় বাংলাদেশ হজ অফিস আন্তরিকতার সঙ্গে কাজ শুরু করে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ, তথ্য যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন ও গঠনমূলক আলোচনার মাধ্যমে অর্থ ফেরত পাওয়ার উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত