সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারি আবাসিক ভবন ও কোয়ার্টার থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে সরকারি আবাসিক এলাকায় বসবাসের পরিবেশ উন্নত করা এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি আবাসিক এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষা, বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় অর্থ বিভাগের কোটাভুক্ত 'এ', 'বি' ও 'সি' শ্রেণির সরকারি বাসার বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি নির্দেশনা বাধ্যতামূলকভাবে পালন করতে বলা হয়েছে। নির্দেশনায় সরকারি কোয়ার্টারগুলোর দৃশ্যমান সব ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিতে বলা হয়েছে। এ কাজে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করতে হবে।

এ ছাড়া আবাসিক ভবনের ওপর থেকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ছাদে বাগান রয়েছে এমন ভবনগুলোর পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ছাদ পরিষ্কার রাখার পাশাপাশি সেখানে পানি জমে ভবনের কোনো ক্ষতি হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বার্থ এবং সরকারি আবাসিক কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে অর্থ বিভাগ।