ওশান ডে উদযাপনে মুখরিত ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রি-স্কুল ও ডে-কেয়ার সেন্টার

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আনন্দ-উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রি-স্কুল ও ডে-কেয়ার সেন্টারে 'ওশান ডে উদযাপিত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে সেন্টারটি পরিদর্শন করেন শিশুদের প্রি-স্কুল ও প্রারম্ভিক শিক্ষা নিয়ে কাজ করা বাংলাদেশের অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্মের শিক্ষক মুনজেরিন শহীদ। তার এ পরিদর্শন পুরো আয়োজনে যোগ করে ভিন্নমাত্রা। এ সময় তিনি সেন্টারের প্রি-স্কুল ও ডে-কেয়ারের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে প্রতিষ্ঠানটির শিক্ষা ও শিশু পরিচর্যা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। সেন্টারের সামগ্রিক ব্যবস্থাপনা ও কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে, ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে একই ছাদের নিচে ডে-কেয়ার ও প্রি-স্কুল সেবা সমন্বিতভাবে পরিচালনার বিষয়টি তাকে বিশেষভাবে মুগ্ধ করে। শিশুদের প্রারম্ভিক শিক্ষা ও যত্ন নিশ্চিত করতে এ ধরনের সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন তিনি।

মুনজেরিন শহীদের লেখা প্রি-স্কুল ও শিশুদের কার্যক্রমবিষয়ক বই নিয়েও ঢাকা আহ্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক (প্রতিষ্ঠান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. রোশায়দুল মাওলা ও উপ-পরিচালক (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরী আলোচনা করেন। আলোচনায় শিশুদের প্রারম্ভিক শিক্ষা, বিকাশ ও সৃজনশীল কার্যক্রমের বিভিন্ন দিক উঠে আসে।