ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে উৎসাহ দিতে বিশেষ সংর্ধনার আয়োজন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনের শিক্ষা সেক্টর। ১৭ নভেম্বর পল্লবীর আহ্ছানিয়া মিশন কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডাম পরিচালিত 'কাপ-আপ' প্রকল্পের সহায়তায় এসএসসি পাস করা ১০৭ জন শিক্ষার্থীকে অভিনন্দন ও সম্মাননা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে একটি ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষার জন্য তাদের ভর্তি, বিনা বেতনে পড়ালেখা চালিয়ে যাওয়া এবং অন্যান্য বিষয়ে সার্বিক সহায়তা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও অডিট) যুগ্ম সচিব ব্যারিস্টার খলিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ, সহ-সভাপতি (কর্মসূচি) ড. এস.এম খলিলুর রহমান ও ঢাকার থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারজানা শারমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডামের নির্বাহী পরিচালক (কর্মসূচি) কে এম জাহিদুজ্জামান। কাপ-আপ প্রকল্পের এসএসসি-২০২৬ পাসকৃত শিক্ষার্থীদের তথ্য ও সম্বর্ধনা প্রদানের প্রেক্ষাপট বর্ণনা করেন ডাম শিক্ষা সেক্টরের যুগ্ম পরিচালক ও কাপ-আপ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি ব্যারিস্টার খলিলুর রহমান খান বলেন, সুযোগ আর সহযোগিতা পেলে সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরাও ভালো ফল করতে পারে, তার প্রমাণ আজ এখানে উপস্থিত কাপ-আপ প্রকল্পের শিক্ষার্থীরা। আগামীদিনে তারা নেতৃত্বের আসনে আসবে। আমাদের সকলের উচিত তাদের পাশে থাকা।

দাতা সংস্থা কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে ডাম কাপ-আপ প্রকল্পের মাধ্যমে এ শিক্ষার্থীরা অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়েছে। এরপর শিক্ষা সেক্টর ও প্রকল্পের সহায়তায় মিরপুর, মোহাম্মাদপুর ও সৈয়দপুরে ১০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের পাসের হার ৮৮ শতাংশ।