অস্ত্র ও গোলাবারুদসহ 'জর্দা শামীমের' চার সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে 'জর্দা শামীমের' অস্ত্রভাণ্ডারের সন্ধান পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সেখান থেকে বিদেশি পিস্তল, রিভলভার ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শামীমের ব্যক্তিগত সহকারী, শ্যালক ও এক ভ্যানচালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবির দাবি, ঝালকাঠিতে অবৈধ অস্ত্রের মাধ্যমে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছিলেন জর্দা শামীম। নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্যাতন, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনে তিনি অস্ত্র ব্যবহার করতেন। পাশাপাশি তিনি সক্রিয় অস্ত্র ব্যবসার সাথেও জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। অভিযানে আটটি অস্ত্র, ২ হাজার ৭৬১ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ ওরফে 'জর্দা শামীম' দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন বলে তথ্য পাওয়া যায়। নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এ ছাড়া চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের কাজে তিনি অস্ত্র ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।
