মিছিলে বাসের ধাক্কায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ভূমি প্রতিমন্ত্রী
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের কর্ণফুলীতে মিছিলের ওপর চলন্ত বাসের ধাক্কায় আহত বিএনপির নেতাকর্মীদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
গতকাল বৃহস্পতিবার তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানান এবং দ্রুত সুস্থতা কামনা করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এ সময় আহত নেতাকর্মীদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে গত বুধবার রাতে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মিনিবাস মিছিলে থাকা নেতাকর্মীদের ধাক্কা দেয়। এতে অন্তত সাতজন আহত হন। আহতরা হলেন- চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন, ফরহাদুল ইসলাম, মামুনুর রশিদ ও আবুল কালাম।
