ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

দোয়া-মানবিক আয়োজনে তারেক রহমানের জন্মদিন উদযাপন

দোয়া-মানবিক আয়োজনে তারেক রহমানের জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, মিলাদ, কোরআন খতম এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে এসব আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে রাজধানীর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এদিকে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মগবাজারের জামিয়া ইসলামীয়া দারুল উলুম দিলু রোড মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (ইউট্যাব) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার কামনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। রাজধানীর বাইরেও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচি পালিত হয়েছে। বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত