দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ২ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি করে উন্নতমানের সরিষার বীজ এবং ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি, কৃষি খাতকে সমৃদ্ধ করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকার বিভিন্ন ধরনের কৃষি প্রণোদনা ও সহায়তা দিচ্ছে। সরিষা চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের বাড়তি আয় ও ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।