অমর একুশে বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি পুনর্গঠনের দাবি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি বাংলা একাডেমি কর্তৃপক্ষ 'অমর একুশে বইমেলা ২০২৭ পরিচালনা কমিটি' গঠন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, দেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের প্রতিনিধিত্বকারী প্রকাশকদের বিদ্যমান দুটি সমিতির সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতবিনিময় ছাড়াই এ কমিটি গঠন করা হয়েছে। এমনটা দাবি করেছেন 'সৃজনশীল বই প্রকাশক সমিতি' ঢাকা। গতকাল এক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি সাঈদ বারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান এ দাবি করেন। তারা বলেন, প্রকাশনা শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সংগঠনগুলোকে উপেক্ষা করে এমন একটি গুরুত্বপূর্ণ জাতীয় আয়োজনের পরিচালনা কমিটি গঠন বাংলা একাডেমির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও অংশীজনদের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্নের অবকাশ তৈরি করেছে। এর চেয়েও উদ্বেগজনক বিষয় হলো, এ কমিটিতে এমন কয়েকজন প্রকাশককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে পতিত ফ্যাসিবাদী শাসনের সমর্থক হিসেবে ভূমিকা পালন, জুলাই গণ-অভ্যুত্থানের বিরোধিতা এবং আওয়ামী রাজনৈতিক বয়ান প্রচারের অভিযোগ রয়েছে। তারা বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের দমন-পীড়ন দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক পরিসরকে সংকুচিত করেছে। লেখক, প্রকাশক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের একটি বড় অংশকে নানা প্রতিকূলতা ও বাধার মুখে কাজ করতে হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দমনমূলক রাজনৈতিক বাস্তবতার অবসানের পর সাংস্কৃতিক অঙ্গনে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মুক্তচিন্তার পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, কোনো কোনো মহলের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ পন্থী সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বলয়ের প্রভাব পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চলছে। তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অমর একুশে বইমেলার মতো সর্বজনীন জাতীয় সাংস্কৃতিক আয়োজনে বিতর্কিত রাজনৈতিক ভূমিকার অধিকারী ব্যক্তিদের অন্তর্ভুক্তি জনমনে উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

আমরা মনে করি, অমর একুশে বইমেলা পতিত ফ্যাসিবাদ বা মতাদর্শের পুনর্বাসনকেন্দ্র হতে পারে না। এ মেলা মুক্তচিন্তার লেখক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের সম্মিলিত সৃজনশীলতার জায়গা। এর পরিচালনা কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে, যাদের ভূমিকা, অবস্থান ও কার্যক্রম বইমেলার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, মুক্তচিন্তাশীল ও সাংস্কৃতিক চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে প্রকাশনা শিল্পের প্রকৃত অংশীজনদের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা বাংলা একাডেমির প্রাতিষ্ঠানিক দায়িত্ব।