শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি
নেতৃত্বে আমান-শিমুল বিশ্বাস
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমান উল্লাহ আমান এমপিকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিকে।
গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং যথাশীঘ্র কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।
নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করবে।
সভায় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন ইউনিয়ন গঠন ও সংগঠনে অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
