৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তার এ সফর দুদিন পেছানো হয়েছে। গতকাল শনিবার বিকাল পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রীর সফরের নতুন এ তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শনিবার সকাল ১১টায় জেলা বিএনপ্থির কার্যালয়ে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষ করে একই দিন তিনি কুষ্টিয়ায় আসবেন। সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে গতিশীল হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এছাড়া জেলার ঐতিহ্যবাহী ও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড এবং মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগ সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টি নিয়েও আলোচনা হতে পারে।
নানা সংকট ও অব্যবস্থাপনায় প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন উৎপাদনহীন থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রীর এ সফরে মিল দুটি পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন জেলাবাসী।
